২৯ জানুয়ারি ২০১২ - ২০:৩০

সিরিয়াতে আলকায়েদার উপস্থিতির বিষয়টি আরব দেশগুলোর পক্ষ হতে দীর্ঘ কয়েক মাস যাবত নাকচ ও সিরিয়ান নেতাদের পক্ষ হতে এ আলকায়েদার উপস্থিতির কথা বারংবার ঘোষণার পর, অবশেষে একটি দল একটি ভিডিও বার্তা প্রেরণে মাধ্যমে সিরিয়াতে উপস্থিতির কথা ঘোষণা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিগত মাস ও দিনগুলিতে সিরিয়ার বিষয়ে এবং এদেশে সন্ত্রাসী চক্র আলকায়েদার উপস্থিতির বিষয়ে আলোচনা ছিল তুঙ্গে।

সম্প্রতি একজন লেবাননিজ মন্ত্রী সতর্ক করেছিলেন যে, আলকায়েদা চক্রের সদস্যরা সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলসমূহে তত্পর রয়েছে এবং তারা সিরিয়াতে অস্ত্র পাচার ও সশস্ত্র সন্ত্রাসীদেরকে সহযোগিতায় ব্যস্ত।

অবশেষে ‘জিবহায়ে ইয়ারি আহলুশ শাম’ নামক একটি দল রেকর্ডকৃত একটি ভিডিওতে –লেবাননের দৈনিক আল-আখবারে’র নিকট যা পৌঁছেছে- নিজেদের আলকায়েদার সাথে সম্পৃক্ততা ও সিরিয়াতে নিজেদের উপস্থিতির কথা ঘোষণা করেছে।

ইতিপূর্বে সিরিয়ায় কয়েকটি বিস্ফোরণের ঘটনায় এদেশের কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে, এ সকল বিস্ফোরণে আলকায়েদা জঙ্গীদের হাত রয়েছে।

ধারণকৃত ঐ ভিডিওটি ১৬ মিনিট ৪৭ সেকেণ্ডের। এতে আল-ফাতেহ আবু মুহাম্মাদ আল-জুলানী নামধারী এক ব্যক্তি নিজেকে ঐ দলের প্রধান হিসেবে আখ্যায়িত করেছে। সে তার বক্তব্যে সিরিয়ার সশস্ত্র ব্যক্তিদেরকে তার দলে যোগদানের আহবান জানিয়েছে।

উক্ত ভিডিওতে অন্যান্যদের কথাও ধারণ করা হয়েছে। যাতে তারা সিরিয়াতে আরো ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছে।

সিরিয়ার সংবাদ বিষয়ক ওয়েব সাইট ‘শুকুমাকু’ এ খবরের ঘোষণা দিয়ে জানিয়েছে যে, এখন সবার নিকট স্পষ্ট যে, আল-কায়েদা পারস্য উপসাগরীয় দেশসমূহের দূতাবাসের সহায়তায় এদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। আর বর্তমানে সিরিয়া বৈদেশিকদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী হামলার সাক্ষী।#